বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৭৫ এর ৭ ই নভেম্বরের পরাজিত অপশক্তি মহাজোটের নামে একজোট হয়ে এখন দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি এবং সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের পক্ষের শক্তির কাছে বাংলাদেশের স্বার্থবিরোধী অপশক্তি পরাজিত হয়েছিল। নানা ষড়যন্ত্রের পথ ধরে ৭৫ এর নভেম্বরের সেই পরাজিত অপশক্তি এখন বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা জবরদখল করে রেখেছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বুধবার (১১ নভেম্বর) যুক্তরাজ্য বিএনপি আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান এবং জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ অনেকে। সভার শুরুতেই কোরান তেলাওয়াত করেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন।






