ব্রিটিশ জনগণের চাকরি এবং জীবিকা রক্ষার” অঙ্গীকার নিয়ে বুধবার ২০২১ সালের বাজেট পেশ করেছেন চ্যান্সেলর ঋষি সুনাক।
এতে কর্মজীবি মানুষের চাকুরী রক্ষায় চলমান ফার্লো স্কিমটি সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করার পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও সপ্তাহে অতিরিক্ত ২০ পাউন্ড ইউনিভার্সাল ক্রেডিট আরো ছয় মাস বৃদ্ধি করা হয়েছে। ওয়ার্কিং টেক্স ক্রেডিট যারা নিচ্ছেন তাদের ওয়ান অফ ৫০০ পাউন্ড দেয়া হবে। এছাড়া বাজেটে কর্মচারীদের সর্বনিম্ন বেতন বাড়িয়ে ৮ পাউন্ড ৯১ পেন্স করা হয়েছে।
২০২৩ থেকে বড় কোম্পানির মুনাফার উপর কর বৃদ্ধির পরিকল্পনা ঘোষণা নেয়া হয়েছে। কোম্পানির মুনাফার উপর প্রদত্ত কর্পোরেশন টেক্স ২০২৩ সালে এপ্রিল থেকে ২৫ শতাংশ বৃদ্ধি পাবে, তবে ৫০ হাজার পাউন্ড বা তার কম মুনাফা অর্জনকারী ব্যবসা প্রতিষ্ঠানের ১৯ শতাংশ টেক্স অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চ্যান্সেলর।
এছাড়া বাজেটে প্রায় ৬ লাখের বেশি সেল্ফ এমপ্লয়েডেদের জন্যে গ্র্যান্টের সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়াও বাজেটে ইংল্যান্ডের মিউজিয়াম, থিয়েটার এবং গ্যালারির জন্যে ৪০৮ মিলিয়ন পাউন্ড এবং হাইস্ট্রীট ব্যবসায়ীদের সহযোগিতার জন্যে আরো ৫ বিলিয়ন পাউন্ড গ্র্যান্টের ঘোষণা করা হয়েছে। গ্রীস্মকালিন খেলাধুলায় প্রাণ ফিরিয়ে আনার জন্যে বিশেষ করে ইংলিশ ক্রিকেটকে সহযোগিতার জন্যে ৩শ মিলিয়ন পাউন্ডের একটি প্যাকেজও ঘোষণা করেছেন চ্যান্সেলর ঋষি সুনাক।






