গত মাসের শেষ শুক্রবার প্রচারিত হয়েছিল ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। সেবারই ছিল দর্শকবিহীন ধারণকৃত প্রথম ইত্যাদি। এ পর্বে ‘নয়া দামান’খ্যাত কণ্ঠশিল্পী তোসিবার একটি গানসহ বেশ কয়েকটি বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়েছে। পর্বটি আবার প্রচারিত হবে কাল বুধবার, রাত ৮টা ৪৫ মিনিটে। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।
হানিফ সংকেতের পরিচালনায় ইত্যাদি ৩০ বছরের বেশি সময় ধরে প্রচারিত হয়ে আসছে। নানা সময়ে দেশের বিভিন্ন অঞ্চলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জনগুরুত্বপূর্ণ স্থানে এই ম্যাগাজিন অনুষ্ঠানটির চিত্র ধারণ করা হয়েছে। হাজার হাজার আমন্ত্রিত দর্শকের উপস্থিতি থাকত ‘ইত্যাদি’র চিত্রধারণে। সে বিবেচনায় এই ইত্যাদি ব্যতিক্রম, দর্শক ছাড়া ‘ইত্যাদি’র মূল পর্ব শুটিং হয়েছে।






