২৮ মাসের মাথায় আবারও স্বামীকে ছেড়ে আলাদা থাকার ঘোষণা দিলেন কণ্ঠশিল্পী ন্যান্সি। আজ রোববার সন্ধ্যায় ন্যান্সি তাঁর ফেসবুকে একটি পোস্ট দিয়ে স্বামী থেকে আলাদা থাকার বিষয়টি প্রকাশ্যে আনেন। তবে কবে থেকে আলাদা থাকছেন, সে ব্যাপারে সেখানে কিছু জানাননি। তবে ওই পোস্টে নতুন ‘পথচলা’ শুরুর ইঙ্গিত দিয়েছেন তিনি। এই ‘পথচলা’ নানা অর্থ বহন করে।
২০১৯ সালের ১ জানুয়ারি ফেসবুকে পোস্ট দিয়ে স্বামী থেকে আলাদা থাকার কথা জানিয়েছিলেন ন্যান্সি। সংবাদমাধ্যমে তখন তিনি জানিয়েছিলেন, বিচ্ছেদের জন্য নয়, স্বামীর সঙ্গে দাম্পত্য সম্পর্কটাকে আরেকটু ঝালিয়ে নিতেই এ সিদ্ধান্ত। বছরের প্রথম দিন তাঁর এ ঘোষণাকে অনেকেই বিচ্ছেদ বলে ধরে নিয়েছিলেন। ন্যান্সি বলেছিলেন, ‘বিচ্ছেদের জন্য আমরা আলাদা থাকছি না। আমরা তেমন কোনো সিদ্ধান্তও নিইনি। দাম্পত্য জীবনে দুজনের মধ্যে তৈরি হওয়া দূরত্ব কমানোর জন্যই আলাদা থাকার সিদ্ধান্ত।’





