স্তব্ধ হলো শান্তনু বিশ্বাসের কণ্ঠ, থেমে গেল সুর

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ সক্রিয় ছিলেন। তিন দিন আগে ৯ জুলাই ফেসবুকে লিখেছিলেন, ‘ভোরে দেখা স্বপ্ন যত/ সব যদি আজ সত্যি হতো/ আকাশ কি আর ঢাকতো মেঘে এমন/ সকালবেলায় রাত্রিবেলা ঘুম রেখেছো কোথায়/ ঘুম রেখেছো লুকিয়ে বুঝি তোমার চোখের পাতায়।’ এই তো গত ২৮ জুন চট্টগ্রামে কালপুরুষ নাট্য উৎসবে তাঁর লেখা ও নির্দেশনায় নাটক ‘নির্ভার’ মঞ্চস্থ হলো। সেখানে অভিনয় করেছেন তিনি। আজ শুক্রবার সেই নাট্যজন সংগীতশিল্পী শান্তনু বিশ্বাস চলে গেলেন সবকিছুর ঊর্ধ্বে, চির ঘুমে। স্তব্ধ হলো তাঁর কণ্ঠ, থেমে গেল সুর।

শুক্রবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গেল মঙ্গলবার অসুস্থ হওয়ার পর তাঁকে চট্টগ্রামের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার ঢাকায় আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা ও চট্টগ্রামের বিশিষ্টজনেরা। তিনি ইস্পাহানি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

LEAVE A REPLY