নিষেধাজ্ঞা পেছনে ফেলে গতকাল শনিবার মধ্যরাতে চালকের আসনে বসে গাড়ি চালিয়েছেন সৌদি নারীরা। এই দিনটির জন্য নারী অধিকারকর্মীদের লড়তে হয়েছে প্রায় ৩০ বছর। তিন দশকের লড়াইয়ে অর্জিত এই অধিকার নারীর অর্থনৈতিক মুক্তি এনে দেবে বলে মনে করেন দেশটির প্রতিষ্ঠিত নারীরা।
২৩ বছরের মাজদুলিন আল-আতিক জীবনে প্রথমবারের মতো তাঁর কালো রঙের লেক্সাস নিয়ে বেরিয়ে পড়েছেন রাজধানী রিয়াদের রাস্তায়। বাঁধভাঙা আনন্দ ভাসছিলেন তিনি। রয়টার্সকে তিনি বলেন, ‘এ এক অদ্ভুত অনুভূতি। আমি খুব খুশি…এখন এই মুহূর্তে গাড়ি চালাতে পারে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে।’
গতকাল পর্যন্ত কয়েক দশক ধরে সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা বলবৎ ছিল। কিন্তু তরুণ মোহাম্মদ বিন সালমান যুবরাজ হয়ে তাঁর দেশকে আধুনিক করতে নানামুখী সংস্কার কার্যক্রম হাতে নেন। এরই অংশ হিসেবে গত বছরের সেপ্টেম্বরে বাদশাহ নারীদের গাড়ি চালানোর সুযোগ দেওয়াসংক্রান্ত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। এরপর নারীর গাড়ি চালানোর অধিকারের পথ সুগম হয়।






