সিনেমার মালিকানা নির্ধারণ হবে আদালতে

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও প্রযোজক সমিতির কয়েকটি বৈঠকের পরও ‘নোলক’ সিনেমা নিয়ে জটিলতার সুরাহা হয়নি। এরপর পরিচালকের মর্যাদা ফিরে পেতে রাশেদ রাহা থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাল্টা জিডি করেন প্রযোজক সাকিব ইরতেজাও। ‘নোলক’ সিনেমার পরিচালক ও প্রযোজককে এবার সরাসরি আদালতে হাজির হতে হচ্ছে। ২৫ মার্চ সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হতে পরিচালক রাশেদ রাহা ও প্রযোজক সাকিব ইরতেজা সনেটকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) বাবলুর রহমান।

পরিচালক-প্রযোজক দ্বন্দ্বে শাকিব খান ও ববি অভিনীত ‘নোলক’ সিনেমা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। জমকালো মহরতের পর টানা ২৮ দিন ভারতের হায়দরাবাদে শুটিং করেন পরিচালক রাশেদ রাহা। শুটিং শেষে ইউনিট নিয়ে দেশে ফেরার পর পরিচালকের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় প্রযোজকের। এরই জেরে পরের লট থেকে প্রযোজক সাকিব ইরতেজা পরিচালক রাশেদ রাহাকে ছাড়াই শুটিং শুরু করে দেন। এর পরিপ্রেক্ষিতে অভিযোগ ও পাল্টা অভিযোগে অনেক সময় পার হয়ে যায়। শুরুতে পরিচালক ও প্রযোজক সমিতিতে বিষয়টি নিয়ে অভিযোগ করেন পরিচালক রাশেদ রাহা। অভিযোগের পর চলচ্চিত্রের দুই সমিতি একত্র হয়ে পরিচালক ও প্রযোজককে ডেকে পাঠান। মৌখিকভাবে পরিচালককে দিয়ে ছবির কাজ শেষ করার সিদ্ধান্ত হলেও তা মানেননি প্রযোজক। তিনি সাকিব-সনেট অ্যান্ড টিমের নামে ছবির কাজ শেষ করার উদ্যোগ নেন। বিষয়টি টের পেয়ে রাশেদ রাহা তাঁর সিনেমার পরিচালকের মালিকানা ফিরে পেতে আইনের আশ্রয় নেন। ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জিডি করেন তিনি। পরিচালকের সেই জিডির পর সিনেমার মালিকানার বিষয়টি সুরাহার জন্য এখন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত পর্যন্ত গড়াচ্ছে।

LEAVE A REPLY