নিউজিল্যান্ড নিরাপত্তাশঙ্কাকে কারণ দেখিয়ে পাকিস্তানের মাটি থেকে কোনো ম্যাচ না খেলে ফিরে গেছে। ইংল্যান্ড জানিয়ে দিয়েছে, এই মাসে তাদের ছেলেদের ও মেয়েদের দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও তারা দল পাঠাবে না। এরপর পাকিস্তানে আবার আন্তর্জাতিক ক্রিকেটের আয়োজন পড়ে গিয়েছিল ঘোর শঙ্কায়। কিন্তু এমন মুহূর্তে শ্রীলঙ্কা সাহায্যের হাত বাড়িয়ে দিতে যাচ্ছে পাকিস্তানের প্রতি।
এই মাসের শেষ দিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য মেয়েদের জাতীয় দলকে পাকিস্তান পাঠানোর কথা ভাবছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসএলসি)। এ নিয়ে আলোচনা চলছে। পাকিস্তানের মাটিতে এই প্রথম কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে শ্রীলঙ্কার মেয়েদের দল। যদিও ১৯৯৮ সাল থেকেই একে অন্যের বিপক্ষে খেলে আসছে দল দুটি।






