বলিউডের বাদশাহ শাহরুখ খান যে কেবল বড় পর্দার হিরো নন, তার প্রমাণ দিয়েছেন। বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের বাড়িতে দীপাবলির পার্টিতে। সেদিন এক ছাদের নিচে মিলিত হয়েছিলেন বলিউডের জনপ্রিয় তারকারা। দীপাবলির পার্টি কি আর আতশবাজি, তারাবাতি, ঝাড়বাতি বা মরিচবাতি ছাড়া জমে? আর প্রদীপ তো আছেই। দুর্ঘটনা ঘটতেও সময় লাগেনি।
তখন দিবাগত রাত তিনটা। হঠাৎ আগুন ধরে যায় বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের ম্যানেজার অর্চনা সদানন্দের লেহেঙ্গায়। পাশেই ছিলেন শাহরুখ। তিনি সত্যিকারের হিরোর মতোই পরনের জ্যাকেট খুলে আগুন থেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন। তবে ততক্ষণে অর্চনা সদানন্দের শরীরের প্রায় ১৫ শতাংশ পুড়ে গেছে।






