শাহজাদপুরে আ’ লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাচাই নিয়ে বিরোধের জেরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কোরবান আলীকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার রাত সোয়া ১০টার দিকে বাড়ি ফেরার পথে স্থানীয় শায়েস্তাবাজ স্কুলের কাছে এ ঘটনা ঘটে।  নিহত আওয়ামীলীগ নেতা সড়াতৈল গ্রামের হাজী আব্দুল আজিজের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে শাহজাদপুর থানর ওসি রেজাউল করিম জানান, স্থানীয় কাশিনাথপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে পথে সন্ত্রাসীরা আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরিবারের অভিযোগ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাচাই নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকেরা তাকে হত্যা করেছে। রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে ওসি আরও বলেন, নিহতের লাশ উদ্ধারের করে থানায় নেয়া হচ্ছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। এ বিষয়ে স্থানীয় কায়েমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল আলম ঝনু বলেন, আসন্ন নির্বাচনে আমি আবারও চেয়ারম্যান প্রার্থী হয়েছি। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসিবুল হাসানও প্রার্থী হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কোরবান আলী আমাকে সমর্থন দেয়ায় হাসিবুল হাসান লোকজন দিয়ে তাকে হত্যা করেছে। এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাসিবুল হাসানের সাথে যোগাযোগ করা হলেও মোবাইল বন্ধ পাওয়া গেছে।

LEAVE A REPLY