লন্ডনের ওয়েস্টমিনস্টারে শনিবারের বিক্ষোভ থেকে প্রায় ৯০০ জনকে আটক

লন্ডনের ওয়েস্টমিনস্টারে শনিবারের বিক্ষোভ থেকে প্রায় ৯০০ জনকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ। নিষিদ্ধ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থন দেখানোর অভিযোগে ৮৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ৩৩ জন পুলিশের ওপর হামলা ও অন্যান্য অপরাধে ধরা পড়েন। পুলিশের ভাষ্য, আটককৃতদের মধ্যে যারা পরিচয় নিশ্চিত করেছেন তাদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে। বাকিদের রাখা হয়েছে হেফাজতে।

মেট পুলিশের কাউন্টার-টেররিজম ইউনিট বলছে, সন্ত্রাসবিরোধী আইনে আটক হওয়া ৮৫৭ জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। প্রায় দেড় হাজার মানুষ পার্লামেন্ট স্কয়ারে জড়ো হয়েছিলেন এই নিষেধাজ্ঞার প্রতিবাদে। পুলিশের অভিযোগ, তাদের সদস্যদের ঘুষি মারা, লাথি দেওয়া, থুতু ছোড়া এবং বস্তু নিক্ষেপ করা হয়েছে।

ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ক্লেয়ার স্মার্ট জানান, অনেক বিক্ষোভকারী মুখ ঢেকে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে। তবে পুলিশের পেশাদারিত্ব ও ধৈর্যের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বহুজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, শান্তিপূর্ণভাবে মত প্রকাশ সম্ভব, কিন্তু সহিংসতা বরদাশত করা হবে না।

অন্যদিকে আয়োজক সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিস দাবি করেছে, তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল। তারা জানিয়েছে, ১,৫০০ মানুষ শান্তভাবে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে সরকারের অন্যায্য আইন প্রত্যাখ্যান করেছেন। তাদের মতে, এ ধরনের জনবিরোধী নিষেধাজ্ঞা জনগণ মানবে না এবং তা শেষ পর্যন্ত বাতিল করতে হবে।