গান ও অভিনয়—দুটোতেই অনবদ্য বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। এ কথা কতটুকু সত্য? তার বিচার হয়তো আর করতে হবে না। ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর যাঁর জন্য আশীর্বাদ পাঠান, তাঁর কি কোনো সার্টিফিকেট লাগে? লতার কাছ থেকে গান ও অভিনয় নিয়ে আশীর্বাদ পেলেন আয়ুষ্মান। এই কিংবদন্তির কাছে কৃতজ্ঞতায়ও বাধিত হলেন বলিউড অভিনেতা।
এই তরুণ অভিনয়শিল্পী বলিউডে এসেই অভিনয়ে মাত করেছেন। শুধু কি তাই, সুযোগ পেলেই দু লাইন গেয়েও দিয়েছেন নিজের ছবিগুলোতে। আর ২০১৮ সালে তাঁর অভিনীত ছবি ‘আন্ধাধুন’-এ ছিলেন অনবদ্য—কি গানে, কি অভিনয়ে। সেই ছবি দেখেছেন লতা মঙ্গেশকর। দেখে তিনি মুগ্ধ, আবেগে আপ্লুত। বয়সের ভারে নুয়ে পড়লেও সামাজিক যোগাযোগমাধ্যমে আয়ুষ্মানের জন্য আশীর্বাদ লিখে দিলেন দু কলম।
এই ছবিতে আয়ুষ্মান একজন পিয়ানোবাদক। লতা আয়ুষ্মানের অভিনয় দেখে টুইটারে লেখেন, ‘আয়ুষ্মানজি নমস্কার। আমি আপনার ছবি “আন্ধাধুন” আজ দেখেছি। আপনি খুব ভালো অভিনয় করেছেন। আর যে গান গেয়েছেন, সেটা আমার কাছে অসাধারণ লেগেছে। অভিনন্দন আপনাকে। শুভকামনা আপনার জন্য। আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক।’
এমন টুইট হয়তো কোনো চলচ্চিত্র পুরস্কারের থেকেও বেশি আয়ুষ্মানের কাছে। তিনি কৃতজ্ঞতা জানান এই কিংবদন্তি সংগীতশিল্পীর কাছে। আয়ুষ্মান রিটুইট করে লেখেন, ‘লতা দি, আপনার এই লেখা আমার কাছে অনেক কিছু। আমি এখন থেকে আরও পরিশ্রম করব। আপনার কথাগুলো আমার কাছে অনুপ্রেরণা। অনেক কৃতজ্ঞতা এই আশীর্বাদের জন্য।’






