বোর্দোর বিপক্ষে লিগের আগের ম্যাচে লাল কার্ড দেখে নেইমার নিষিদ্ধ। তবু পিএসজির জন্য ম্যাচটা এমন কঠিন কিছু ছিল না। একে তো প্রতিপক্ষ দিজঁ ২০ দলের লিগের পয়েন্ট তালিকায় আছে ১৭ নম্বরে, তারওপর ম্যাচটা পিএসজির ঘরের মাঠে। সহজ ম্যাচটাকে আরও সহজ বানিয়ে দিলেন কিলিয়ান এমবাপ্পে ও মাউরো ইকার্দিরা। নেইমারের অভাব টেরই পেল না পিএসজি!
এমবাপ্পের জোড়া গোল আর মাউরো ইকার্দি ও পাবলো সারাবিয়ার একটি করে গোল নিয়ে ম্যাচটা ৪-০ গোলে জিতেছে পিএসজি। ইকার্দি যাঁর বদলি নেমেছেন ম্যাচের ২০ মিনিট বাকি থাকার সময়, সেই এডিনসন কাভানি আর এমবাপ্পে নিজেই কিছু সহজ সুযোগ হাতছাড়া না করলে ম্যাচটা ৬-৭ গোলেও জিততে পারত পিএসজি। কাভানির একটি মিস তো মৌসুমের সবচেয়ে হাস্যকর মিসের কাতারেই পড়বে। ৩৮ মিনিটে এমবাপ্পের দারুণ ক্রসটা শুধু পোস্টে রাখাই কাভানির কাজ ছিল, কিন্তু পাঁচ গজ দূর থেকে উরুগুইয়ান স্ট্রাইকার উড়িয়ে মেরেছেন বাইরে। এর দুমিনিট পর গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি এমবাপ্পে।






