ব্রিটেনের হোমলেস ও রাফ স্লিপিং বিষয়ক সংসদীয় প্রতিমন্ত্রী রুশনারা আলির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি পূর্ব লন্ডনে নিজস্ব একটি ভাড়াবাড়ির বাসিন্দাদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে ওই বাড়ির ভাড়া উল্লেখযোগ্য হারে বাড়িয়েছেন।
i Paper–এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত নভেম্বর মাসে ওই বাড়ির চারজন ভাড়াটিয়াকে একটি ইমেইলের মাধ্যমে জানানো হয় যে, তাদের লিজ নবায়ন করা হবে না। তাদের চার মাস সময় দেওয়া হয়েছিল স্থান ত্যাগের জন্য। ভাড়াটিয়ারা বাড়ি ছাড়ার কিছুদিন পরই সেটি পুনরায় তালিকাভুক্ত করা হয়, তবে নতুন ভাড়ার পরিমাণ পূর্বের তুলনায় প্রতি মাসে £৭০০ বেশি।
রুশনারা আলি বর্তমানে হোমলেস ও রাফ স্লিপিং বিষয়ক সংসদীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে তার পক্ষ থেকে একজন মুখপাত্র জানিয়েছেন, “রুশনারা তার দায়িত্ব অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করেন এবং সমস্ত আইনি প্রক্রিয়া মেনে চলেছেন।”
সরকার বর্তমানে “রেন্টার্স রাইটস বিল” পাস করার শেষ পর্যায়ে রয়েছে, যেখানে এমন landlords যারা বিক্রির জন্য বাড়ি খালি করান, তারা ছয় মাসের মধ্যে সেটি পুনরায় ভাড়া দিতে পারবেন না—এমন বিধান অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও বিলটি স্থায়ী চুক্তি (ফিক্সড টার্ম টেন্যান্সি) বাতিল করতে এবং বাড়ি ফেরত চাওয়ার ক্ষেত্রে চার মাসের নোটিশ বাধ্যতামূলক করতে যাচ্ছে।
এ প্রসঙ্গে একটি সূত্র জানায়, ভাড়াটিয়াদের তখনই বলা হয়েছিল যে, তারা চাইলে ‘রোলিং বেসিসে’ থাকতে পারেন, যতদিন না বাড়িটি বিক্রি হয়। তবে ভাড়াটিয়ারাই সিদ্ধান্ত নেন বাড়ি ছেড়ে দেওয়ার।
জেনারেশন রেন্ট-এর প্রধান নির্বাহী বেন টোয়োমি বলেন, “এই অভিযোগগুলো অত্যন্ত দুঃখজনক এবং সরকারকে তাড়াতাড়ি করে ভাড়াটিয়াদের অধিকতর সুরক্ষার ব্যবস্থা নিতে উৎসাহিত করা উচিত। এমন আচরণ একজন সাধারণ মালিকের পক্ষ থেকেই গ্রহণযোগ্য নয়, আর যিনি গৃহহীনতা বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তার ক্ষেত্রে এটি আরও নিন্দনীয়।”
কনজারভেটিভ এমপি বেন ওবেস-জেকটি মন্তব্য করেন, “রুশনারা আলির এই অবস্থানে থাকা আর গ্রহণযোগ্য নয়। তাকে পদত্যাগ করতে হবে।”
এদিকে, স্বরাষ্ট্রসচিব ইভেট কুপার বলেছেন, “আমি বিষয়টির বিস্তারিত জানি না, তবে আমার জানা মতে তিনি নিয়ম মেনেই কাজ করেছেন।”
পার্লামেন্টারি রেজিস্টার অফ ইন্টারেস্ট অনুযায়ী, রুশনারা আলির লন্ডনে তিনটি সম্পত্তি রয়েছে, যার একটি তার পরিবারের সদস্যের সঙ্গে যৌথ মালিকানাধীন।






