রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে দুদকের মামলা

সাভারে ধসে পড়া বহুতল ভবন রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার রাতে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেছেন দুদকের উপ-পরিচালক মুহ. মাহবুবুল আলম।
এ মামলায় দুই কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৭৯৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে উল্লেখ করা হয়েছে। ২৭ (১) ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনে অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করা ও ভোগদখল করার অপরাধে এ মামলাটি দায়ের করা হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।
সাভার মডেল থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্র থেকে জানা গেছে, ২০১২-১৩ অর্থ বছরে সোহেল রানার আয়কর রির্টান দাখিলে তার ব্যাংকে এক লাখ ৭৮ হাজার ৯৫৩ টাকা প্রদর্শন করে। কিন্তু দুদক অনুসন্ধানে গিয়ে দেখে ৩টি ব্যাংক হিসাবে তার নামে ২৭ লাখ ৮০ হাজার ৭৬৭ টাকা জমা আছে। এখানে তিনি ২৬ লাখ এক হাজার ৮১৪ টাকা আয়কর নথিতে প্রদর্শন করেন নি।
এছাড়া সাভার বাজার রোড এলাকায় রানা টাওয়ারের চতুর্থ তলা পর্যন্ত নির্মাণ ব্যয় এক কোটি ৩০ লাখ ৮৬ হাজার ৫৯৪ টাকা দেখানো হলেও প্রকৃত পক্ষে তিন কোটি ৫৯ লাখ ২৮ হাজার ৫৯৪ টাকা ব্যয় হয় বলে দুদক অনুসন্ধানে জানতে পারে। এখানেও তিনি দুই কোটি ২৮ লাখ ৪১ হাজার ৯৭৯ টাকা কম দেখান।
২০১৫ সালের ১ এপ্রিল রানা প্লাজার মালিক সোহেল রানার সম্পদের হিসাব চেয়ে কারাগারে নোটিশ পাঠায় দুদক। তখন কারাগার থেকে সম্পদের কোন হিসাব দিতে পারবে না বলে জানিয়ে দেন সোহেল রানা। এরপরই আয়কর বিভাগ থেকে সোহেল রানার সম্পদ ও আয়ের তথ্য সংগ্রহ করে অনুসন্ধানের পর তার সম্পদের হিসাবে অসঙ্গতি পাওয়ায় রবিবার রাতে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির মামলা দায়েরের বিষয়টি নিশ্চত করেছেন।
উল্লেখ্য ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজার ভয়াবহ ভবন ধসে ১০৩৮জন শ্রমিক নিহত ও আহত হন প্রায় দুই সহস্রাধিক শ্রমিক।

LEAVE A REPLY