‘একদিন আমি ৩৫ মিমি ক্যান নিয়ে ডাবিংয়ে যাচ্ছিলাম। উল্টোদিক থেকে আসছিলেন নায়করাজ রাজ্জাক। আমার হাতে তখন চার-পাঁচটি ক্যান। রাজ্জাক ভাইকে সামনাসামনি দেখে আমার হাত-পা কাঁপছিল। সালাম দিতে গিয়ে হাত থেকে সব ক্যান পড়ে যায়। মাথা নিচু করে তুলছিলাম। একটা সময় দেখলাম, উনিও এসে আমাকে সাহায্য করলেন।’
কথাগুলো বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারের।
বাংলাদেশের বরেণ্য চলচ্চিত্র অভিনেতা, নির্মাতা ও প্রযোজক নায়করাজ রাজ্জাকের মৃত্যুর এক বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সকাল ১০টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও এক ঘণ্টা দেরি হয়। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) জহির রায়হান মিলনায়তনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক আমজাদ হোসেন, দেলোয়ার জাহান ঝন্টু, বদিউল আলম খোকন, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান প্রমুখ। তবে নায়করাজের পরিবারের কাউকে দেখা যায়নি।





