যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে গত বৃহস্পতিবার বৈঠক করেছেন রাশিয়া, চীন, পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে নেতারা তালেবানের প্রতি একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। খবর জিও টিভি।
দুশানবেতে সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশন (এসসিও) ও কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন (সিএসটিও) জোটের রাষ্ট্রপ্রধানদের বৈঠকের ফাঁকে আফগানিস্তান নিয়ে ওই বৈঠকে মিলিত হন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান।
বৈঠকে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর শীর্ষ কূটনীতিকেরা আফগানিস্তান ও এ অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ত্বরান্বিত করার ক্ষেত্রে নিজেদের প্রত্যয়ের কথা ব্যক্ত করেন।






