৪ জুলাই সাধারণ নির্বাচন ঘোষণা করার পরে এখন বিপাকে পড়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এখনো পর্যন্ত ৭৮ জন সংসদ সদস্য জানিয়ে দিয়েছেন, তারা এ নির্বাচনে অংশ নেবেন না। তাদের মধ্যে রয়েছেন ক্যাবিনেটের মন্ত্রীরাও। পদত্যাগকারীরা জানিয়েছেন, আসন্ন নির্বাচনে তারা ফের প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি নন। সেই তালিকায় রয়েছেন বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী টেরেসা মে-ও। রয়েছেন মাইকেল গোভ ও অ্যানড্রিয়া লেডসমের মতো প্রথম সারির নেতা-নেত্রীরা। এর আগে সর্বশেষ ১৯৯৭ সালের নির্বাচনে ৭২ জন অংশগ্রহণ না করার কথা জানিয়েছিলেন। বৃটিশ প্রথা অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি মাসের মধ্যে সাধারণ নির্বাচন সেরে ফেলতে হবে। কিন্তু ঋষির কনজারভেটিভ পার্টির মধ্যেই দাবি উঠছিল, নির্বাচন পিছিয়ে দেয়া হোক।






