ভারত ও বাংলাদেশে শুরু করতে যাচ্ছে ফিমেল ফাউন্ড্রি প্রোজেক্ট। সিঙ্গাপুরে সফলভাবে পরিচালনার পর ফিমেল ফাউন্ড্রি উদ্যোগটি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ভারত ও বাংলাদেশে পরিচালনা করা হচ্ছে।
One@DentsuAegis এর অংশ হিসেবে ডেন্টসু এইজিস নেটওয়ার্ক এবং তাদের ডিজিটাল পারফরম্যান্স এজেন্সি আই প্রসপেক্ট যৌথভাবে নারী উদ্যোক্তাদের স্টার্টআপ ব্যবসার উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা দিতে ফিমেল ফাউন্ড্রি প্রোজেক্টের যাত্রা শুরু। One@DentsuAegis প্রোগ্রামটি ব্যবসায় নতুনত্ব ও বৈচিত্র্য প্রণয়নের লক্ষ্যে গঠন করা হয়েছে।
ব্যবসায় নতুনত্ব ও ভিন্ন কিছু যোগ করাই ফিমেল ফাউন্ড্রি প্রতিষ্ঠার মূল লক্ষ্য। বর্তমানে ডিজিটাল অর্থনীতির যুগে ব্যবসা পরিচালনায় প্রতিদিনই জটিলতা বাড়ছে। এ জটিলতাগুলো কাটিয়ে একজন নারী উদ্যোক্তাকে সফলতার দিকে এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা দিতে ফিমেল ফাউন্ড্রি বিভিন্ন প্রশিক্ষণ, ডিজিটাল সেবা, যোগাযোগ স্থাপন ও রিসোর্স দিয়ে সহযোগিতা করবে। লিঙ্গবৈষম্য দূর করে নারী-পুরুষ সমতা আনতে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন, দক্ষতার উন্নয়ন ও নিরাপদ বিনিয়োগ সংগ্রহের ক্ষেত্রে অভিজ্ঞ পরামর্শ প্রদান করার উদ্দেশ্য নিয়ে ফিমেল ফাউন্ড্রি গঠিত হয়েছে।






