কোনো ছবি, ভিডিও বা লেখা অনলাইনে হড়কা বানের মতো প্রচণ্ড গতিতে বয়ে গেলে আমরা সেটাকে বলি ভাইরাল। এই ছবি, ভিডিও বা লেখাগুলো অনেক সময় বানের তোড়ে ভেসে যায়। কোনো কোনোটি স্রোত থেকে বেরিয়ে স্থায়ী আসন গাড়ে। এর কোনো কোনোটি সমাজে মারাত্মক প্রভাব ফেলে। কিছু ভাইরাল বিষয় স্রেফ আনন্দ দিয়ে যায়, কোনোটি ভাবায় কিংবা কাঁদায়।
ভাইরাল কবে থেকে ভাইরাল হলো? যবে থেকে সামাজিক যোগাযোগমাধ্যম জনপ্রিয় হলো—সাধারণ উত্তরটি সবারই জানা। ভাইরাল তো আদতে ইন্টারনেটেরই সন্তান। তবে ইন্টারনেট যখন আসেনি, কিংবা তারও আগের অনেক কিছুই তো ভাইরাল হয়েছিল। একটু অন্যভাবে চিন্তা করা যাক। খনার বচনের কথাই ধরুন। লিখিত কোনো রূপ ছিল না, কিন্তু আজও মানুষ খনার বচন মুখস্থ আওড়ায় গড়গড় করে। কারণ, খনার বচনও এক অর্থে অ্যানালগ ভাইরাল হয়েছিল। তখন মাধ্যম বলতে ছিল কেবল ব্যক্তির মুখ। বিদুষী খনা ভবিষ্যদ্বাণী করতেন। সেগুলো ফলেও যেত হাতেনাতে। মানুষের বিস্ময়ের সীমা থাকত না। একজন আরেকজনকে খনার বচনের কথা বলত আগ্রহ নিয়ে। এভাবেই খনার বচন টিকে আছে প্রজন্মের পর প্রজন্ম। আধুনিক জমানার কোনো বিষয় ভাইরাল হয় কী করে? কিংবা কী করে ভাইরাল হওয়া যায়? এর উত্তর কিন্তু খনার বচনের মধ্যেই লুকিয়ে আছে। সে প্রসঙ্গে আমরা পরে আসছি।






