ঈদকে কেন্দ্র করে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে মানুষের ভারতে যাওয়া-আসা বেড়েছে। সপ্তাহখানেক ধরে বেনাপোল তল্লাশিচৌকি (চেকপোস্ট) দিয়ে প্রতিদিন সাড়ে ছয় থেকে সাত হাজার মানুষ পাসপোর্টের মাধ্যমে ভারতে আসা-যাওয়া করছেন; যা স্বাভাবিক সময়ের চেয়ে দেড় থেকে দুই হাজারের মতো বেশি। চেকপোস্টের কর্মকর্তাদের ধারণা, ঈদের এক দিন পর থেকে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে দ্বিগুণ।
ঈদের ছুটিতে ভারতে গিয়ে কেনাকাটা ও বেড়ানোর জন্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ প্রতিদিন ভোর থেকে বেনাপোল সীমান্তে ভিড় করছেন।
অভিবাসন পুলিশের বেনাপোল কার্যালয় সূত্রে জানা গেছে, পাসপোর্টের মাধ্যমে বেনাপোল দিয়ে ভারতে গমনাগমন যাত্রীর সংখ্যা গত এক সপ্তাহ ধরে বেড়েছে। এর মধ্যে গত শুক্রবার সাত হাজার, শনিবার ৬ হাজার ৪০০ ও রোববার সাড়ে ছয় হাজার যাত্রী পাসপোর্টের মাধ্যমে ভারতে যাতায়াত করেন।






