বৃটেন করোনা ভাইরাসের তৃতীয় দফা সংক্রমণের প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে সরকারকে সতর্ক করেছেন প্রফেসর রবি গুপ্ত। বৃটিশ সরকারকে পরামর্শ দেন যেসব বিজ্ঞানী, তার মধ্যে তিনি অন্যতম। রবি গুপ্ত ইউনিভার্সিটি অব কেমব্রিজের প্রফেসর। তিনি বলেছেন, করোনা ভাইরাসে নতুন করে সংক্রমণের সংখ্যা তুলনামূলকভাবে কমে এলেও ভারতীয় ভ্যারিয়েন্ট সূচকীয় হারে বৃদ্ধি পেয়েছে। আগামী ২১ শে জুন ইংল্যান্ডে করোনা ভাইরাস নিয়ে বিধিনিষেধ শেষ হওয়ার কথা। কিন্তু এই বিধিনিষেধ প্রত্যাহারের বিরুদ্ধে প্রফেসর রবি গ্রপ্ত। তিনি বলেছেন, এই বিধিনিষেধ আরো কয়েক সপ্তাহ পর্যন্ত বহাল রাখা উচিত। পরিকল্পিত লকডাউন শিথিল করা বিলম্ব করা হবে না এমনটা বলেননি পরিবেশ বিষয়ক মন্ত্রী জর্জ ইউসটিস।
এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, রোববার বৃটেনে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৩ হাজার মানুষ। ১২ই এপ্রিল থেকে এই সংখ্যা এর আগে অতিক্রম করেনি বা এই সংখ্যায় পৌঁছেনি সংক্রমণ। বিবিসি রেডিও ফোর-এর টুডে প্রোগ্রামে প্রফেসর রবি গুপ্তের কাছে জানতে চাওয়া হয়, বৃটেন কি এরই মধ্যে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ে পৌঁছেছে কিনা। জবাবে তিনি বলেন- হ্যাঁ, নতুন আক্রান্তের সংখ্যা সূচকীয় হারে বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে তিন চতুর্থাংশই ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত। অবশ্যই আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে তুলনামূলকভাবে কম। করোনার সব ঢেউ শুরু হয় অল্প সংখ্যা দিয়ে। এরপরে তা বিস্ফোরকের রূপ ধারণ করে। তাই এখন যা দেখা যাচ্ছে, তা আরেকটি সংক্রমণ ঢেউয়ের প্রাথমিক অবস্থা।






