মুক্তিযুদ্ধের ৮ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধা এম এম কামাল উদ্দিনের (বাদশা মুন্সী) নামে নড়াইলের নড়াগাতী থানায় তাঁর গ্রামের বাড়ির সামনের সড়কের নামকরণ করা হয়েছে। গত মঙ্গলবার সকালে নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা সড়কটির নামফলক উদ্বোধন করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এম এম কামাল উদ্দিন ১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কামশিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এম এম কামাল উদ্দিন। তিনি বিসিআইসির অধীন খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেড থেকে চাকরি শেষ করে বর্তমানে অবসরে আছেন। তাঁর বড় ছেলে এম এম ইমরুল কায়েস বর্তমানে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ হিসেবে কাজ করছেন। মেয়ে সুলতানা রোজিনা ওয়ান ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল অফিসার এবং ছোট ছেলে এম এম রাজিব বিল্লাহ বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর জেলা সংকেত প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন। সন্তানদের কৃতিত্বের জন্য তাঁর স্ত্রী সুরাইয়া কাজল ২০১৭ সালে ‘রত্নগর্ভা মা’ সম্মাননায় ভূষিত হন।






