১৭ দিনের চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন দেশবরেণ্য অভিনয়শিল্পী আলমগীর। আজ বুধবার বিকেলের মধ্যেই তিনি বাড়ি ফিরবেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন। বেলা দেড়টায় যখন তাঁর সঙ্গে কথা হচ্ছিল, তখন তিনি বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন।
করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গত ১৭ এপ্রিল কোভিড-১৯-এর দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেন আলমগীর ও রুনা লায়লা। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে তাঁরা করোনার দ্বিতীয় টিকা গ্রহণ করেন। তাঁদের সঙ্গে একই দিনে টিকা গ্রহণ করেন আলমগীরের তিন সন্তান—মেহরুবা আহমেদ, আঁখি আলমগীর, তাসবির আহমেদসহ মোট ১২ জন।
আলমগীরের করোনার সংক্রমণ প্রসঙ্গে রুনা লায়লা জানান, করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার আগের দিন থেকে আলমগীর তাঁর খুসখুসে কাশির কথা বলছিলেন। তাই দুজনেই তাঁদের মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ের বাড়িতে করোনার পরীক্ষা করান।






