শিরোনাম দেখেই লিভারপুল সমর্থকদের ধাক্কা খাওয়ার কথা। তাঁদের প্রাণপ্রিয় মিসরীয় সম্রাট কি তাহলে ক্লাব ছাড়তে যাচ্ছেন? সম্ভাব্য দল হতে যাচ্ছে বার্সেলোনা? সিয়াক সোয়ার্টের কথা মানলে তো তাই মনে হচ্ছে। পরবর্তী গন্তব্য হিসেবে বার্সেলোনাকে বেছে নিয়েছেন সালাহ, অন্তত এমনটাই দাবি করেছেন নেদারল্যান্ডসের সাবেক ফুটবলার সোয়ার্ট।
লিওনেল মেসিকে নিয়ে আপাতত ঝামেলা শেষ বার্সেলোনার। তবে রোনাল্ড কোম্যানের ফরোয়ার্ড লাইনের সমস্যা তো থেকেই যাচ্ছে। লুইস সুয়ারেজের আগের ধার নেই বলে তাঁকে গোনায় ধরছেন না বার্সেলোনার বর্তমান কোচ। সেতিয়েনের চেয়ারে বসেই কোম্যান জানিয়ে দিয়েছেন, সুয়ারেজ তাঁর পরিকল্পনায় নেই। বিকল্প হিসেবে আর্জেন্টাইন ফরোয়ার্ড লওতারো মার্টিনেজকে খুব করে চাইলেও পাওয়া যায়নি। যদিও এখনো আশা ছাড়েনি স্প্যানিশ ঐতিহ্যবাহী ক্লাবটি। তবে ইন্টার মিলান যেভাবে গো ধরে রয়েছে, তাতে পাওয়ার আশা ছেড়ে দিতে হবে বলেই অনুমান। তাহলে উপায়?






