দেশে বেড়েছে করোনা সংক্রমণের হার, বেড়েছে সংক্রমণজনিত জটিলতা ও মৃত্যু। ঘরে থাকার সময় ফিরে এসেছে আবার। চলছে লকডাউন। জীবনধারণের জন্য প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করতেই হচ্ছে, জরুরি প্রয়োজনে বাইরেও যেতে হচ্ছে। কত হাতই না ঘুরে ঘরে আসছে বাজারসদাই। সংক্রমণের ভয়ে ঘরে ফিরে নানা জিনিস জীবাণুমুক্ত করতে হচ্ছে। জেনে নিন কোনটি কীভাবে জীবাণুমুক্ত করবেন।
রেস্তোরাঁর খাবার
খাদ্যসামগ্রীর মাধ্যমে করোনাভাইরাস ছড়ায় না বললেই চলে। তাই সত্যিকার অর্থে রেস্তোরাঁর খাবার বাড়িতে আনিয়ে খেলেও খাবার থেকে করোনাভাইরাস ছড়ানোর ভয় খুব কম। বাইরে থেকে খাবার আনা হলে পরিষ্কার হাতে খাবারটা প্যাকেট থেকে বের করে নিন। প্যাকেট ফেলে দিয়ে আবার হাত ধুয়ে নিন সাবান দিয়ে।
ঢাকা মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নুসরাত সুলতানা জানালেন, বাইরে থেকে আনা জিনিস ছুঁলেই যে জীবাণুর সংক্রমণ হবে, বিষয়টা সে রকম নয়। বরং বাইরে থেকে আনা জিনিস স্পর্শ করার পর সাবান দিয়ে হাত ধোয়ার আগে নাক-মুখ-চোখে যাতে হাত দেওয়া না হয়, সেটা নিশ্চিত করা জরুরি। আর জিনিসগুলো জীবাণুমুক্ত করে নিয়ে এরপর ব্যবহার করা যাবে স্বাভাবিকভাবেই।






