বাংলাদেশে আর কোনো দিন আসবেন না কবির সুমন। সম্প্রতি বাংলাদেশের সময় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন ভারতের বাংলা গানের এই অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী। ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেছেন, ‘বাংলাদেশকে যা চেনার আমি চিনে নিয়েছি।’
জানালেন, সর্বশেষ তিনি যখন বাংলাদেশে এসেছিলেন, তখন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তাঁর একক গানের অনুষ্ঠান আয়োজন করা হয়। কিন্তু কিছু মানুষের বাধার মুখে সেই অনুষ্ঠানে তিনি গান গাইতে পারেননি। বললেন, ‘বাংলাদেশে আমার সন্তানপ্রতিম কয়েকজন ছেলে চেষ্টা করল আমার একটা একক অনুষ্ঠান করতে। সেটা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। তারা হল বুক করল। তাদের হাতে সেই কাগজ ছিল। আয়কর এবং অন্য যা কিছু দেওয়ার, সব তারা দিয়েছে। আমি ঢাকায় গিয়ে জানতে পারলাম, আমাকে ওখানে গান গাইতে দেওয়া হবে না। বাংলাদেশের কারা যেন ওখানে বাধা দিচ্ছে। তারা বলছে, কবির সুমন ভারতের শিল্পী, তাঁকে এখানে গান গাইতে দেওয়া হবে না।’






