বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল, নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে সেন্ট্রাল লন্ডনের ফরেন কমন ওয়েলথ অফিসের সামনে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।বিক্ষোভ কর্মসূচীতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন এবং শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগানে মুখরিত করে পুরো এলাকা। এ সময় বক্তারা ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনকে প্রশাসন নিয়ন্ত্রিত কারসাজির নির্বাচন উল্লেখ করে বলেন, ভোটের আগের রাতেই সারা দেশের ভোট কেন্দ্রগুলোতে সিল মেরে ভোটের বাক্স ভর্তি করে রাখা হয়। ফলে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারলে আওয়ামী লীগের ভরাডুবি ঘটতো।তারা বলেন, ভোটের ফলাফল দেখেই বোঝা যায় নির্বাচনে কী পরিমাণ ভোট ডাকাতি হয়েছে। বহু আসনে মোট ভোটারের চেয়ে হাজার হাজার বেশী ভোট কাস্ট হয়েছে। নির্বাচনের দিন ভোট কেন্দ্রে বিএনপির এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। বিএনপির ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি, অনেক মহিলা ভোটারদের হাতে কালি লাগিয়ে দিয়ে বলা হয়েছে আপনার ভোট হয়ে গেছে, আপনি বাড়ী চলে যান। এ সমস্ত বহু প্রমান সহ দেশ-বিদেশের গণমাধ্যমে ভোট জালিতির খবর প্রকাশিত হয়েছে। আর তাই এই নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির দাবীতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয় সমাবেশ থেকে।






