প্রিয়াঙ্কা চোপড়া কিছুদিন ধরেই গণমাধ্যমের শিরোনামে। ‘কোয়ান্টিকো’ সিরিজের প্রিয়াঙ্কা অভিনীত ‘দ্য ব্লাড অব রোমিও’ পর্ব ঘিরে বিতর্কের মধ্যেই মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে প্রেম এবং তা বিয়ে পর্যন্ত গড়ানোর খবর—সবখানেই সাবেক বিশ্বসুন্দরী। এবারও শিরোনাম তাঁর ব্যাগের দামের কারণে। এই ব্যাগের যে দাম, তাতে দুজন মানুষ অনায়াসে ট্রাম্পের মুলুক ঘুরে আসতে পারবেন।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, জীবনযাপনের ধরনের জন্য সব সময় আলোচনায় প্রিয়াঙ্কা। নিউইয়র্কে এক রেস্তোরাঁয় প্রেমিক নিক জোনাসের সঙ্গে ডেটে গিয়েই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে প্রিয়াঙ্কার হাতের ব্যাগটি। সেদিন প্রিয়াঙ্কাকে একটি হালকা ব্লু রঙের সাটিনের স্কার্টের সঙ্গে পরেছিলেন সাদা জ্যাকেট। তবে ডেটে তাঁদের লুকের তুলনায় ব্যাগটিই যেন বেশি নজর কাড়ে।
‘বোটেগা ভেনেটা’ নামে এই ব্যাগের দামও আকাশছোঁয়া। ইতালিয়ান ব্র্যান্ডের ব্যাগটির দাম চার লাখ ভারতীয় রুপি। ভারতের নিজস্ব ব্র্যান্ড ‘টাটা টিয়েগো’ একটি গাড়ির দামের চেয়ে বেশি। ব্যাগটি কিনতে পকেট থেকে যা খসবে, তা দিয়ে আমেরিকায় দুজন ঘুরে আসতে পারবেন।
প্রিয়াঙ্কা আর নিককে একসঙ্গে ঘনিষ্ঠভাবে প্রথম দেখা যায় গত বছর। সে সময় মেট গালা উৎসবের লালগালিচায় তাঁদের চলাফেরা অনেকেই সন্দেহের চোখে দেখলেও প্রিয়াঙ্কা অবশ্য গুজব বলে উড়িয়ে দেন। গত মাসে মেগান মার্কেল ও প্রিন্স হ্যারির বিয়েতে অংশগ্রহণ শেষে প্রিয়াঙ্কা বাংলাদেশে আসেন। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে চার দিন পর যুক্তরাষ্ট্রে উড়াল দেন এই অভিনেত্রী। এরপর থেকে নিকের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন নতুন করে ছড়াতে থাকে। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা আর নিককে একে অপরের ছবিতে রোমান্টিক মন্তব্য করতে দেখা যাচ্ছে। নিকের বন্ধুরা জানান, নিক নাকি প্রিয়াঙ্কাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসেন। তাঁর সঙ্গে শুধু সময় কাটানোর জন্যই এই সংগীত তারকা প্রেম করছেন না, বরং সাবেক এই বিশ্বসুন্দরীকে বিয়ে করে নাকি সংসারী হওয়ার কথাও ভাবছেন নিক জোনাস। বন্ধুদের তিনি বলেছেন, প্রিয়াঙ্কার সন্তানের বাবা হতে চান তিনি।





