রবিবার নির্ধারিত ‘পোনি অ্যান্ড ট্র্যাপ’ ঘোড়দৌড় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে ব্রিটিশ পুলিশ। থেমস ভ্যালি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অক্সফোর্ডশায়ার ও বাকিংহামশায়ারের কয়েকটি এলাকায় এই দৌড়ের কারণে সড়কে বড় ধরনের বিশৃঙ্খলা ও ঝুঁকির আশঙ্কা থাকায় তা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কার্যক্রমের লক্ষ্য ছিল জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা।
পুলিশ জানিয়েছে, এ৪০ মহাসড়কের বুরফোর্ড এলাকা এবং চ্যালফন্ট সেন্ট পিটারের লোয়ার রোডে পরিকল্পিত দুটি বেসরকারি দৌড়ের জন্য আগেই ‘ডিসপারসাল অর্ডার’ জারি করা হয়। ফলে ওই এলাকায় রোববার কোনো দৌড় অনুষ্ঠিত হতে পারেনি।
সুপারিনটেনডেন্ট নিকোল মারফি বলেন, “পোনি অ্যান্ড ট্র্যাপ রেসিং স্বয়ং অবৈধ নয়, কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে এসব প্রতিযোগিতা রাস্তায় বিশৃঙ্খলা তৈরি করেছে এবং অন্য পথচারীদের জীবনের জন্য ঝুঁকি সৃষ্টি করেছে।”
এর আগে ফেব্রুয়ারিতে এ৪০ সড়কে জেরেমি ক্লার্কসনের ফার্মার’স ডগ পাবে আশপাশের এলাকায় একই ধরনের দৌড়ের কারণে মানুষকে সড়ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছিল।
এদিকে ওয়েস্ট অক্সফোর্ডশায়ার জেলা কাউন্সিল ১০ অক্টোবর থেকে জনমত গ্রহণ শুরু করবে, যাতে ওই সড়কে ভবিষ্যতে এ ধরনের দৌড় প্রতিরোধে জনস্থান সুরক্ষা আদেশ (PSPO) জারি করা যায় কি না তা নিয়ে মতামত নেওয়া হবে।






