পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন। বাণিজ্য চুক্তির কয়েক সপ্তাহ পরই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে জানিয়েছেন কর্মকর্তারা।

বৃহস্পতিবার পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বৈঠকে বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যুতে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও যোগ দিতে পারেন।

প্রসঙ্গত, সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উষ্ণ হয়েছে। এর আগে ওয়াশিংটন দীর্ঘকাল ধরে এশিয়ায় চীনের প্রভাব ঠেকানোর কৌশলগত অংশীদার হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দিয়েছিল। তবে ট্রাম্পের আমলে ভারতীয় নাগরিকদের ভিসা জটিলতা, ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপ এবং ভারত-পাকিস্তান সংঘর্ষের পর ট্রাম্পের যুদ্ধবিরতি কার্যকরের দাবির মতো বিভিন্ন কারণে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এর ফলে ভারত চীনের সঙ্গে সম্পর্ক নতুনভাবে তৈরি করতে আগ্রহী হচ্ছে বলে ধারণ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৩১ জুলাই যুক্তরাষ্ট্র ও পাকিস্তান নতুন বাণিজ্য চুক্তি ঘোষণা করে। চুক্তি অনুযায়ী পাকিস্তানের ওপর ১৯ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। তবে এখনো ভারতের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পারেননি ট্রাম্প।

বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক শুধু গাজা সংকট নয়, বরং দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, চীন-ভারত প্রতিদ্বন্দ্বিতা, এবং আর্থিক সহযোগিতা নিয়েও আলোচনার সুযোগ তৈরি করবে।