ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারী ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাম বাড়ানোর কোনো ঘোষণা দেওয়ার আগেই বাজারে বেড়েছে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম। গত তিন-চার দিনের ব্যবধানে এই দুই ধরনের তেলের দাম বেড়েছে লিটারপ্রতি পাঁচ টাকার মতো।
এর আগে ব্যবসায়ীদের প্রস্তাবের পর গত সোমবার সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কত টাকা বাড়ানো হবে, তাদের সংগঠনের সঙ্গে বসে সপ্তাহখানেকের মধ্যে সেই দাম নির্ধারণ করার কথা জানানো হয়।এদিকে বাজারে খুচরা পর্যায়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে ১৭০ থেকে ১৭২ টাকায়। আর সুপার পাম অয়েল লিটারে বিক্রি হয়েছে ১৫৫ থেকে ১৬০ টাকা দরে। চার দিন আগেও প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৬৯ টাকা এবং পাম অয়েল ১৫০ টাকায় বিক্রি হয়েছে।
সম্প্রতি লিটারে ১০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠনটি। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। তবে দাম বাড়ানোর বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারী কোম্পানিগুলো। এর আগেই বাজারে তেলের দাম বাড়িয়েছেন খুচরা ব্যবসায়ীরা।






