প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম নিয়ে পক্ষে–বিপক্ষে নানা যুক্তি ও বিতর্ক রয়েছে। গণ–অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন শিক্ষাক্রমের বিষয়টি আবার আলোচনায় এসেছে। এখন অন্তর্বর্তী সরকারের ভেতরেও আলোচনা হচ্ছে, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়। এ জন্য আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার বিষয়টি ভাবা হচ্ছে।
এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ গতকাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে প্রতীয়মান হচ্ছে। যত দূর পারবেন তাঁরা আগের শিক্ষাক্রমে ফিরে যাবেন। তবে এমনভাবে এটি করা হবে, যাতে যেসব শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে আছে, তাদের কোনো অস্বস্তি না হয়। এ জন্য পরিমার্জন (শিক্ষাক্রম) করা হবে।






