জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন প্রকল্পে ‘অপরিকল্পিত’ মহাপরিকল্পনা বাস্তবায়ন, বরাদ্দকৃত অর্থে অনিয়ম ও সাংবাদিক হেনস্তার প্রতিবাদে আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে। উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থেকে ছাত্রলীগকে দুই কোটি টাকা দেওয়ার অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত, উন্নয়ন প্রকল্পের মহাপরিকল্পনা পুনর্বিন্যাস ও আবাসিক হল নির্মাণের স্থান পুনর্নির্ধারণের দাবিতে মঙ্গলবার রাতে মশাল মিছিল করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। গত রোববার থেকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে নানা কর্মসূচি অব্যাহত আছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে রাত ৮টায় মশাল মিছিলটি শুরু হয়ে কয়েকটি সড়ক ও উপাচার্যের বাসভবন ঘুরে পরিবহন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।






