তাহসান জানালেন, এখন থেকে ১৫–১৬ বছর আগে তিনি ‘ইচ্ছা’ নামে একটি গান লিখেছিলেন। সেই গানে তিনি তাঁর সব ইচ্ছার কথা জানিয়েছিলেন। বলেছিলেন, ‘উত্তাল সমুদ্রের অতলে হারিয়ে মুক্তো কুড়োতে চাই। উত্তর মেরুকোণে বরফঘরে বসে রবি ঠাকুর পড়তে চাই। গহীন অরণ্যে দুর্বার সাহস নিয়ে হিংস্রতার আস্বাদ চাই। মরুভূমির রোদে পুড়ে গিয়ে নীল নদে একা ভিজতে চাই।’ এ রকম আরও অনেক কিছু। তবে তাহসান যেটা সবচেয়ে বেশি চান, সেটা হলো এই গানের শেষ দুটো লাইন। ‘প্রতিটা প্রাণীকে সঙ্গে নিয়ে স্বর্গে যেতে চাই।’ এই ইচ্ছার ব্যাপারে বললেন, ‘এটা তো এই পৃথিবীতে সম্ভব নয়। ইউটোপিয়ান সোসাইটিতে (কল্পনার আদর্শ সমাজ) হয়তো সম্ভব।’ তবে তাহসান খুব করে চাচ্ছেন, যেন মহামারিকাল দ্রুত শেষ হয়ে যায়। তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে পৃথিবী।






