দ্বিতীয় টেস্টেও হাজির হয়েছে প্রকৃতির বাধা

বাংলাদেশ ও শ্রীলঙ্কার টেস্ট সিরিজে আলোও বেশ বড় জায়গা করে নিয়েছে। এমনিতেই পাল্লেকেলের উইকেট ম্যাচে ইতিবাচক কোনো ফল আনার চরম বিরোধী। এর সঙ্গে যুক্ত হয়েছে আলোকস্বল্পতা। প্রথম টেস্টে রানবন্যায় বাঁধ দেওয়ার কাজটা সফলভাবে করতে পেরেছিল শুধু আলোকস্বল্পতা ও বৃষ্টি। দ্বিতীয় টেস্টেও হাজির হয়েছে প্রকৃতির বাধা। প্রথম দিনটায় শ্রীলঙ্কার রান উৎসবে কোনো বাদ সাধেনি প্রকৃতি। কিন্তু দ্বিতীয় দিনে বাংলাদেশের বোলাররা যা একটু উচ্ছ্বাসের মুহূর্ত এনে দিয়েছিলেন, তাতে আক্ষরিক অর্থেই জল ঢেলে দিয়েছে প্রকৃতি।

দ্বিতীয় দিনের প্রথম দুই সেশনে তাসকিন আহমেদের দাপটে দারুণ করেছেন বোলাররা। প্রথম সেশনে মাত্র ৪৩ রান তুলতে ৩ উইকেট হারিয়ে ফেলা লঙ্কানরা দ্বিতীয় সেশনে খুইয়েছে ২ উইকেট। দ্বিতীয় দিনের দুটো সেশনই তাই বাংলাদেশের দখলে ছিল। কিন্তু তৃতীয় সেশনটা কারও ভাগে পড়েনি। বৃষ্টি আর সে সুবাদে স্বল্প আলো দিনের খেলা থেকে ২৪ ওভার কেড়ে নিয়েছে আজ। বৃষ্টির আগে ৬ উইকেটে ৪৬৯ রান তুলেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনে ১৭৮ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে স্বাগতিক দল। অবশেষে বোলারদের দাপট দেখা গেল এই সিরিজে। তবু এখন পর্যন্ত যা ইঙ্গিত, তাতে ড্র-ই লেখা আছে এই টেস্টের ভাগ্যে।