নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফিটনেস সেন্টার থেকে আজ শুক্রবার একটি ছবি পোস্ট করেন গুণী অভিনয়শিল্পী জয়া আহসান। সেখানে জয়া লেখেন, ‘ফিটনেসটা আমার কাছে শুধু সৌন্দর্য ধরে রাখার বিষয় না। এটি একাগ্রতা ও ধৈর্যচর্চার উপায়ও।’
যতই দিন যাচ্ছে, অভিনয়শিল্পী জয়া আহসানের ঔজ্জ্বল্য ততই বেড়েই চলছে। জয়ার নামের সঙ্গে নিত্যনতুন সাফল্যের পালক যুক্ত হচ্ছে। দেশে যেমন এই অভিনেত্রী জনপ্রিয়, পাশের দেশ ভারতেও কোনো অংশে কম না। আর মাত্র কদিন পরই ৪৬ বছরে পা রাখতে যাওয়া এ অভিনেত্রীর সৌন্দর্য, ফিগার আর অসাধারণ অভিনয় দক্ষতা শুধু ভক্ত-দর্শকদের কাছেই নয়; বাংলাদেশের চলচ্চিত্র, অভিনয় ও গানের জগতের অনেকের কাছেও ঈর্ষণীয়। আসলে এই তারকার সৌন্দর্যের রহস্য কী?
আজ শুক্রবার ফেসবুকের পোস্টের সূত্র ধরেই কথা হয় জয়ার সঙ্গে। জানতে চাইলাম, নিয়মিত কি ব্যায়ামাগারে যান। ‘আমি অনেক আগে থেকেই ফিটনেস সেন্টারে যাই। এটা আমার নিয়মিত কাজেরই অংশ। নিজের কাজে উৎসাহ ও অনুপ্রেরণার জন্য এই ব্যাপারটা খুব সহায়ক।’ বললেন জয়া আহসান।
এটাই তাহলে আপনার সৌন্দর্যের রহস্য? এমন প্রশ্নে জয়া বলেন, ‘নিজের সৌন্দর্য ধরে রাখার জন্য কয়েকটা রহস্যের এটাও একটা বলতে পারেন।’






