টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সিভিক অ্যাওয়ার্ডস ২০২৬

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সিভিক অ্যাওয়ার্ডস ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান করেছে। সমাজসেবায় ও কমিউনিটির উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের এই স্বীকৃতি দেওয়া হবে। যারা নিঃস্বার্থভাবে কাজ করেন, তাদের খুঁজে বের করতেই এই আয়োজন। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ এবছরের ৩১ ডিসেম্বর।

কাউন্সিল জানিয়েছে, টাওয়ার হ্যামলেটসে যারা বাস করেন, কাজ করেন বা পড়াশোনা করেন, তারা সবাই মনোনয়নের জন্য নাম প্রস্তাব করতে পারবেন। এই পুরস্কারের লক্ষ্য হলো সেইসব নীরব নায়কদের সম্মান জানানো, যাদের কাজ প্রায়ই পর্দার আড়ালে থেকে যায়।

২৬ বছর বা তদূর্ধ্বদের জন্য বেশ কয়েকটি বিভাগে মনোনয়ন দেওয়া যাবে। এর মধ্যে রয়েছে- কমিউনিটির সেবায় অসাধারণ অবদান, ক্রীড়া বা সংস্কৃতিতে বারার সুনাম বাড়ানো এবং পেশাগত দায়িত্বের বাইরে গিয়ে মানুষের জীবনমান উন্নয়ন।

একইভাবে ১১ থেকে ২৫ বছর বয়সী তরুণদের জন্যও বিভিন্ন বিভাগ রয়েছে, যেমন- সমাজসেবায় অবদান, তরুণ উদ্যোক্তা এবং সমবয়সীদের সহায়তায় উদাহরণ সৃষ্টি। এছাড়া মৃত্যুর এক বছরের মধ্যে বিশেষ অবদানের জন্য মরণোত্তর পুরস্কারেরও ব্যবস্থা রাখা হয়েছে।

মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের বুধবার, ৩১ ডিসেম্বর। কাউন্সিলের একজন মুখপাত্র বলেন, “আমাদের কমিউনিটিতে এমন অনেক মানুষ আছেন যারা নিঃস্বার্থভাবে কাজ করেন। তাদের অবদানকে স্বীকৃতি দেওয়াই এই সিভিক অ্যাওয়ার্ডের উদ্দেশ্য।”