ঝুঁকি নিয়ে আবারও বিরিয়ানি…

ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ। তা হোক করোনাকালে, লকডাউনে। ঈদের মানে তো আর বদলে যায় না। ঈদের সেই আনন্দ উপভোগ করতে শত ব্যস্ততার মধ্যে ছোট ও বড় পর্দার বা সংগীতজগতের তারকারা ‘নিউ নরমাল’–এ ঘরেই কাটছে ঈদ। তবে ঘরে থেকেই যতটা উদ্‌যাপন করা যায়, তার এতটুকুতেও ছাড় দেবেন না তারকারা। নিরাপদে থেকে, কাছের মানুষদের নিরাপদে রেখে যথাসম্ভব মনে রাখার মতো করে পালন করবেন এবারের ঈদুল ফিতর।

এবারের চিত্র ভিন্ন। করোনাভাইরাসের প্রকোপের মধ্যে তারকা সবাই ঘরবন্দী। পছন্দের পোশাক কেনাকাটা তো দূরের কথা, বেরই হননি তেমন কোথাও। করোনার এই মহামারির মধ্যে ঈদের দিন সাজতেও অনেক তারকারাই তেমন কোনো আগ্রহ নেই এবার। আগেকার কেনা, উপহার পাওয়া কিন্তু পরা হয়নি এমন সালোয়ার কামিজ বা শাড়ি পরেই ঈদ উদ্‌যাপন করবেন কেউ কেউ।
শুধু তা–ই না, এবার অনেক তারকাই ঈদের দিন থাকছেন রান্নাঘরে। প্রতিবার কোনো কোনো তারকার চাঁদরাত পর্যন্ত টানা নাটকের শুটিং থাকে। ফলে রান্না, আড্ডা ভুলে ঈদের দিনটা তাঁরা কাটান ঘুমিয়ে। আবার চলচ্চিত্রের তারকাদের ঈদে দিন ছবি মুক্তির কারণে সকালে ঘুম থেকে উঠেই ছুটতে হয় হল থেকে হলে। ফলে তাঁদের অনেকেরই বছরের এই একটা দিন ইচ্ছামতো কাটানোর সময় সুযোগ হয় না। কিন্তু করোনার দুর্যোগে এবার দুই মাস আগে থেকেই শুটিং, ছবি মুক্তি সব বন্ধ। তাই এবারের ঈদে অনেক তারকাকেই দেখা যাবে খুন্তি হাতে রান্নাঘরে। দেখে নেওয়া যাক ঐশী, তিশা ও পূজার ঈদ।