যশোরের ঝিকরগাছা উপজেলার ৮নং নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ বাজারে হাটসভা ও গণসংযোগ করেছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির। শুক্রবার বিকেল ৪টায় ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ হাটসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সকল প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন। তাই এখন একজন প্রধান শিক্ষক ৫০০ টাকা সম্মানীর পরিবর্তে ৩০ হাজার টাকা বেতন পান।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা শিক্ষাই জাতির মেরুদণ্ড এই কথাটি উপলব্ধি করে বছরের প্রথম দিনে এ বছর ৩৬ কোটি ২২ লাখ শিক্ষার্থীর হাতে তুলে দিয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, নির্বাসখোলা ইউপি চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার এনামুল কবীর, নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজান আলী, হাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শাহাদৎ হোসেন, বর্তমান প্রচার সম্পাদক সাংবাদিক আলমগীর হোসেন, যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা।






