তারকা দম্পতি জো জোনাস ও সোফি টার্নারের ঘর ভাঙছে। পিপলডটকম জানিয়েছে, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মিয়ামির একটি আদালতে সোফির বিরুদ্ধে বিচ্ছেদের আবেদন করেছেন জো। বিচ্ছেদের আবেদনের নথিতে বলা হয়েছে, দুজনের সম্পর্ক আর জোড়া লাগার অবস্থায় নেই। বিচ্ছেদ নিয়ে জো বা সোফির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।‘গ্রেম অব থ্রোনস’ দিয়ে সমগ্র দুনিয়ায় ব্যাপক পরিচিতি পান ব্রিটিশ অভিনেত্রী সোফি টার্নার। অন্যদিকে জো জোনাস সংগীতশিল্পী ও অভিনেতা। তিনি প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসের ভাই। তাঁদের ব্যান্ড জোনাস ব্রাদার্স তরুণদের কাছে বেশ জনপ্রিয়।২০১৬ সালে জো ও সোফির প্রেম শুরু। পরের বছরের অক্টোবরে হয় বাগ্দান। ২০১৯ সালের ১ মে লাস ভেগাসে বিয়ে সারেন দুই তারকা।জো জোনাস ও সোফি টার্নারের বিচ্ছেদের কারণ নিয়ে দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম টিএমজেড। তাদের প্রতিবেদন অনুযায়ী দুই তারকার বিচ্ছেদের কারণ ব্যক্তিত্বের দূরত্ব।






