মিরাজ প্রথম বলেই আউট

পাকিস্তানের বিপক্ষে খেলার চ্যালেঞ্জটা সবার জানা। নতুন বলে শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহর প্রথম স্পেল যে কোনো দলের টপ অর্ডারের জন্য বিশাল হুমকি। এই দুজন উইকেট নিতে ব্যর্থ হলে হারিস রউফ তো আছেনই। বাংলাদেশের বিপক্ষে পেস বোলিংটা শক্তিশালী করতে আজ একাদশে নেওয়া হয়েছে ফাহিম আশরাফকেও। শেষ পর্যন্ত সেই পেস বোলিংয়ের সামনেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের ব্যাটিং। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে ৩৮.৪ ওভারে ১৯৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ, ১০ উইকেটের ৯টিই নিয়েছেন পাকিস্তানি পেসাররা।

একাদশ দেখেই অনুমান করা যাচ্ছিল, পাওয়ার প্লে’তে বাংলাদেশ দল কেমন করে, সেটার ওপর নির্ভর করবে বাংলাদেশ দলের স্কোর। কিন্তু আজ ইনিংসের দ্বিতীয় ওভারেই মেহেদী হাসান মিরাজ আউট হলে খুলে যায় টপ অর্ডারের দুয়ার। নাসিম শাহর লেগ স্টাম্পের ওপর করা নিরীহ বলে শর্ট মিড উইকেটে ক্যাচ তোলেন মিরাজ। আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা মিরাজ আজ প্রথম বলেই আউট।