জেএনইউয়ে অকালবসন্ত

আশ্বিন শুরু হওয়ার আগেই দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) বয়ে গেল বসন্তের মৃদুমন্দ সমীরণ। চৈত্রে ফোটা পলাশের মতো আদিগন্ত সবুজে সবুজ এই বিপুলায়তন শিক্ষাপ্রতিষ্ঠান এখন লালে লাল। সেখানে সেপ্টেম্বরেই সমাধা মহান ‘অক্টোবর বিপ্লব’। দক্ষিণপন্থী আগ্রাসনের কঠিন মোকাবিলা শেষে জেএনইউ ছাত্র ইউনিয়নের সব আসন দখলে নিয়েছে বামপন্থীরা। অভূতপূর্ব এই বাম ঐক্য হয়তো অজান্তে রচে দিল ২০১৯-এর সাধারণ নির্বাচনের আবহসংগীতও। বুঝিয়ে দিল, একতাই শাসক বিজেপির মোকাবিলার একমাত্র প্রতিষেধক।

রেকর্ডের জন্য ভোটের ফল এইভাবে নথিবদ্ধ থাক, ছাত্র ইউনিয়নের সভাপতি, সহসভাপতি, সম্পাদক ও যুগ্ম সম্পাদক, চার গুরুত্বপূর্ণ পদই দখল নিয়েছে বামপন্থীরা। বিভিন্ন বিভাগের কাউন্সিলর পদগুলো সিংহভাগও তাদের দখলে। সামাজিক বিজ্ঞান ও ভাষা শিক্ষার দশটি কাউন্সিলরের প্রতিটি এবং আন্তর্জাতিক সম্পর্কের পাঁচটি কাউন্সিলরের পদের মধ্যে চারটিই তারা ছিনিয়ে নিয়েছে। বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারত বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) পেয়েছে সংস্কৃত শিক্ষার কাউন্সিলরের একমাত্র পদটি। বিজেপির মতোই একটি করে কাউন্সিলরের পদ জিতেছে কংগ্রেসের ছাত্র ইউনিয়ন এনএসইউআই ও সদ্য গঠিত দলিত সংগঠন ‘বিরসা আম্বেদকর ফুলে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ (বাপসা)। এই ব্যতিক্রমটুকুর বাইরে জেএনইউয়ের রং রক্তিম।

LEAVE A REPLY