জামালপুরের ইসলামপুরে যমুনার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। ইতিমধ্যেই ৬০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের গেজপাঠক আব্দুল মান্নান জানান, বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বন্যার পনি যমুনা নদীতে পানি পরিমাপক স্কেলের ২৪.৭১ সেন্টিমিটার পয়েন্টে প্রবাহিত হচ্ছে। যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে।
ইসলামপুরের চিনাডুলি ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জানান, যমুনার প্রবল স্রোতে চিনাডুলি ইউনিয়নের দেওয়ানপাড়া থেকে শিংভাঙা পর্যন্ত এলাকার বন্যা নিয়ন্ত্রন বাঁধ ভেঙে কমপক্ষে ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান বাদল জানান, বন্যার পানির তীব্র ¯্রােতে রবিবার সকালে উলিয়া বাজারের পাশের্^ যমুনার পূর্বতীর সংরক্ষণ বাঁধ ভেঙে গেছে। ইতিমধ্যেই নোযারপাড়া ইউনিয়নের রাজনগর, করিরতাইর, তাড়তাপাড়া, মাইজবাড়ী, কাজলা, কাঠমা এবং ব্রহ্মত্তর এলাকার প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এবং অধিকাংশ কৃষকদের পাট ও ধানক্ষেত পানিতে তলিয়ে গেছে। এসব পানিবন্দিদের ঘরে খাদ্য সংকট চলছে।
ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল জানান, যমুনার পানি বিপদসীমা অতিক্রম করায় ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া, সাপধরি, চিনাডুলি, বেলগাছা, পাথর্শী, কুলকান্দি ও ইসলামপুর সদর ইউনিয়ন সমূহের কমপক্ষে ৮০টি গ্রাম বন্যা কবলিত হয়ে অন্তত ৬০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ওইসব পানিবন্দি মানুষের মাঝে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানির সংকট চলছে। তিনি বন্যা কবলিত এলাকায় ত্রান সামগ্রী পোঁছানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।






