হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন চলচ্চিত্র অভিনেত্রী সালমা বেগম সুজাতা। চিকিৎসকেরা জানিয়েছেন, বাসায় গেলেও বেশ কয়েক দিন তাঁকে ডাক্তারের পর্যবেক্ষণে থাকতে হবে। প্রতি সপ্তাহে হাসপাতালে গিয়ে চেকআপ করিয়ে আসতে হবে। আগামী তিন মাস জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করেছেন চিকিৎসকেরা। তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। গত বুধবার তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এসব তথ্য দিয়েছেন সুজাতার নাতি ফারদিন আজিম। তিনি আরও জানান, ২৫ নভেম্বর সকালে অসুস্থ হয়ে পড়লে সুজাতাকে তাঁরা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিতে একটু দেরি হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটত বলে জানিয়েছেন চিকিৎসক। সুজাতার শারীরিক অবস্থা নিয়ে এখনো চিন্তিত তাঁর পরিবার। ফারদিন বলেন, ‘দাদি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। আগে থেকেই তাঁর উচ্চ রক্তচাপ ছিল। বয়স বেড়ে গেছে। ইউরিক অ্যাসিডের কারণে শরীরে অনেক ব্যথা ছিল।’






