জিদানের চাকরিচ্যুত হওয়ার দুশ্চিন্তা

এই জিদানের অধীনেই রিয়াল গড়েছে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জয়ের রেকর্ড। সেই জিদানের অধীনে এই রিয়াল আজ এত অচেনা!

চ্যাম্পিয়নস লিগে এলেই রিয়াল যেন অন্য এক দল হয়ে যায়। ঐতিহ্যগতভাবেই। প্রতিযোগিতায় ১৩টি শিরোপা তো এমনি এমনি আসেনি! তার ওপর বহুদিন ঘুমিয়ে থাকার পর গত দশকেই চার-চারটা চ্যাম্পিয়নস লিগের শিরোপা এসেছে রিয়ালের ঘরে, যার মধ্যে তিনটি টানা। চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক শিরোপা জেতার নজির এই রিয়াল মাদ্রিদেরই, আর সেটার পেছনের কারিগর এই জিনেদিন জিদান। সেই জিদানের মাথায় আজ চাকরিচ্যুত হওয়ার দুশ্চিন্তা!

স্প্যানিশ ক্রীড়াদৈনিক এল মুন্দো জানাচ্ছে, রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের ভাবনায় খেলছে জিদানকে ছাঁটাই করার কথা। আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিদানই ডাগআউটে থাকবেন কি না, এ নিয়েও নাকি তর্ক চলছে রিয়ালের বোর্ডরুমে।ত্বরিত সাফল্য লাভের আশায় রিয়াল কখনো হারতে থাকা ম্যানেজারকে ছাঁটাই করতে পিছপা হয়নি। রিয়ালের হয়ে সে ম্যানেজারের অতীত রেকর্ড যতই দুর্দান্ত হোক না কেন। বর্তমানে দল খাবি খাচ্ছে? ব্যস, কোচকে ছাঁটাই করো। আজ জিদানের অধীনে রিয়াল খাবি খাচ্ছে। যে জিদানের অধীনে রিয়ালের এত এত সাফল্য, সে জিদানই আজ রিয়ালকে ক্রমাগত ম্যাচ জয়ের ফর্মুলাটা বাতলে দিতে পারছেন না।গতকাল রাতেও চ্যাম্পিয়নস লিগে শাখতার দোনেৎস্কের কাছে ২-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। এই নিয়ে চার দিনে দুই ম্যাচ হারল রিয়াল। এই হারের ফলে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে আদৌ উঠতে পারবে কি না, দেখা গেছে সংশয়। না উঠতে পারলে সেটাও একটা রেকর্ড হবে। এর আগে রিয়াল চ্যাম্পিয়নস লিগে অংশ নিয়েছে, কিন্তু গ্রুপ পর্ব পেরোতে পারেনি—এমনটা কখনো হয়নি!