স্বাধীনতার ৫০ বছর পূর্তি চলছে। ঠিক এই সময়ে আন্তর্জাতিক ট্রফি জয়ের মাহাত্ম্যই হবে আলাদা। ফুটবলে আমরা ২০০৫ সালের পর এই প্রথম দেশের বাইরে কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছি। আজ আমাদের দল নেপালের ত্রিদেশীয় টুর্নামেন্টের শিরোপা জিততে পারলে এর চেয়ে বড় আনন্দের আর কিছুই হবে না। এই ট্রফি বাংলাদেশের ফুটবল জাগরণে অনেক বড় ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। খেলোয়াড়দের জন্যও তা হবে বিরাট অর্জন। ঘরোয়া ফুটবলে দর্শকখরা কিছুটা হলেও কমবে।
সব চাপের কথা ভুলে আজ দায়িত্ব নিয়েই খেলতে হবে বাংলাদেশের ফুটবলারদের। নেপালের সঙ্গে আমরা কয়েকবারই জিতেছি। মনে পড়ছে, আজ থেকে ২১ বছর আগে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামেই বাংলাদেশের ফুটবলে নতুন সূর্য উঠেছিল। এই নেপালকে হারিয়েই দীর্ঘ ১৫ বছর পর দক্ষিণ এশিয়ান গেমসে সেরা হয়েছিলাম আমরা। সেমিফাইনাল, ফাইনালে আমি পোস্টের নিচে ছিলাম। ফাইনালে ৪৩ মিনিটে মতিউর মুন্নার কর্নার থেকে আলফাজের দেওয়া একমাত্র গোলে জিতেছিলাম আমরা।






