গান শোনাতে যুক্তরাজ্যের পথে

প্রবাসী বাঙালিদের গানের জ্বরে আক্রান্ত করতে চিরকুট ব্যান্ডের ছয় সদস্যের একটি দল ঢাকা ছেড়েছে। লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আয়োজিত ‘বৈশাখী মেলা’য় গান করবে চিরকুট। আগামী ১ জুলাই এই বৈশাখী মেলা হবে টাওয়ার হ্যামলেটসের উইভারস ফিল্ডসে।

এ সময়ের জনপ্রিয় ব্যান্ড চিরকুটের ঝুলিতে বেশ কয়েকটি চমৎকার বিদেশ সফরের অভিজ্ঞতা রয়েছে। এবারও দারুণ কিছু অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরবেন তাঁরা—এমনটাই আশা করছেন ব্যান্ডের সব সদস্য। চিরকুট এর আগে গান শোনাতে যুক্তরাষ্ট্র, ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া আর নরওয়ে গিয়েছিল।

ঢাকা ছাড়ার আগে বিমানবন্দর থেকে চিরকুটের অন্যতম সদস্য সুমী বলেন, ‘দেশের বাইরে গান গাওয়ার অভিজ্ঞতা বরাবরই অন্য রকম আনন্দের। কেন জানি মনে হয়, প্রবাসী বাঙালিরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে, খুব মনোযোগ দিয়ে পুরো অনুষ্ঠান উপভোগ করে। দেশের বাইরে এমনিতে অনেক বাঙালি থাকেন। মনেই হয় না দেশের বাইরে কোথাও গাইছি। তবে এর আগে যেসব দেশে গান করেছি, সেখানে বাঙালির সংখ্যা ছিল হাতে গোনা। এবার যেখানে গান গাইব, সেখানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাঙালিরা আসেন। শুনেছি, এখানে নাকি লাখো বাংলা ভাষাভাষীর মিলনমেলা হয়। দেশের বাইরে বাঙালিদের এত বড় মিলনমেলায় গান গাওয়ার অভিজ্ঞতা নিঃসন্দেহে দারুণ হবে।’

LEAVE A REPLY