গরমে একটু শান্তির জন্য হলেও খুঁজতে হয় বিকল্প ব্যবস্থা

গরমের ধরন মনে হচ্ছে বদলে গেছে। যেসব বাড়িতে আগে ফ্যানের বাতাসেই দিব্যি গোটা গ্রীষ্মটা কাটিয়ে দেওয়া যেত, সেসব বাড়ির বাসিন্দারাও আজকাল অনলাইনে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের (এয়ার কন্ডিশনার, সংক্ষেপে এসি) দামদরের খোঁজ নিচ্ছেন। কিন্তু অনেকের জন্যই এসি এখনো এক বিলাসিতার নাম। প্রচণ্ড গরমে একটু শান্তির জন্য হলেও খুঁজতে হয় বিকল্প ব্যবস্থা। এই গরমে কীভাবে নিজের বাসা ঠান্ডা রাখবেন, সে উপায়ই বাতলে দেওয়া হয়েছে।

সকাল সকাল পর্দা টেনে দিন

সকালের মিঠে রোদ বেশিক্ষণ স্থায়ী হয় না। তাই সকালে রোদ উঠতে না উঠতেই পর্দা টেনে দিন। এতে করে সহজে ঘরে তাপ ঢুকবে না। ঘরও তুলনামূলক ঠান্ডা থাকবে।

দেয়ালে হালকা রঙের ব্যবহার

মনে রাখবেন, রং যত গাঢ় হয়, তত আলো শোষিত হয় এবং যত হালকা হয়, তত আলো বেশি প্রতিফলিত হয়। ঘরে যত বেশি আলো শোষিত হয়, তত তাপমাত্রা বৃদ্ধি পায়। তাই ঘরের ভেতর যতটা সম্ভব হালকা রং ব্যবহার করার চেষ্টা করুন। এতে করে দিনের বেলা ঘর তাপ ধরে রাখবে না। ফলে আলো চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘর ঠান্ডা হতে শুরু করবে।

ভারী সুতি পর্দা ব্যবহার

জানালায় ভারী সুতি পর্দা ব্যবহার করুন। এ ধরনের পর্দা ঘরে আলো প্রবেশ করতে বাধা দেয়। এ ছাড়া হালকা রঙের বিছানার চাদর ও বালিশের কাভার ব্যবহার করুন। এতে করে বিছানাপত্র তাপ ধরে রাখবে না। ঘরও থাকবে তুলনামূলক ঠান্ডা।