রোহিতের ইচ্ছা সব সংস্করণেই খেলা চালিয়ে যাওয়া

বয়স ৩৮ চলছে। কবে বিদায় বলবেন, এমন প্রশ্ন স্বাভাবিকভাবেই শুনতে হচ্ছে। তবে রোহিত শর্মা পুরো উদ্দীপনা নিয়েই খেলে চলেছেন। ভারতীয় দলকে তিন সংস্করণে নেতৃত্বও দিচ্ছেন।

যদিও সম্প্রতি গুঞ্জন উঠেছিল, এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ শেষেই এই সংস্করণ থেকে অবসরে যেতে পারেন রোহিত। বেশ কয়েকটি সংবাদমাধ্যমও এমন দাবি করেছিল। তবে রোহিতের ইচ্ছা আরও কয়েক বছর ভারতের হয়ে সব সংস্করণেই খেলা চালিয়ে যাওয়া। গতকাল রেডিও স্টেশন ‘দুবাই আই’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন।এ মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএল খেলছেন রোহিত। ব্যাট হাতে এখন পর্যন্ত করেছেন ৩৪৯ রান, যা মুম্বাই ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।